অবশেষে স্বস্তি, চালু হলো বারাসাত রেল ব্রিজ!
বার্তা ডেস্কঃ
নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো গুরুত্বপূর্ণ বারাসাত রেল ব্রিজ। আগামী ১৩ অগস্ট পর্যন্ত ব্রিজটি সম্পূর্ণ বন্ধ রাখার কথা থাকলেও, প্রশাসনের নির্দেশিকা মেনে বুধবার সন্ধ্যা থেকেই এর উপর দিয়ে বাইক ও ছোট গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। এর ফলে প্রতিদিন যাতায়াত করা হাজার হাজার নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত সংক্রান্ত ভোগান্তি ও চরম দুর্ভোগের অবসান ঘটল। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, সম্প্রতি বারাসাত ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা ও ভারী যান চলাচল নিয়ে নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছিল। পূর্ত দপ্তরের তরফে জানানো হয়েছে, বছর কয়েক আগে এই ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা হলেও সাম্প্রতিক সময়ে ভারী গাড়ি চলাচলের সময় এটি সামান্য দুলতে দেখা যায়। এই বিষয়ে বারাসাতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে খবর পৌঁছানোর পর নড়েচড়ে বসে প্রশাসন। এর পরেই পূর্ত দপ্তরের এগজি়কিউটিভ ইঞ্জিনিয়ার সরেজমিন পরিদর্শন করে দ্রুত স্বাস্থ্য পরীক্ষার তোড়জোড় শুরু করেন, যার ফলস্বরূপ নির্ধারিত সময়ের আগেই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।