ধেয়ে আসছে নতুন নিম্নচাপ, কোন জেলাগুলোতে জারি চরম সতর্কতা?
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ফের বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। মাত্র ১৮ দিনের ব্যবধানে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা সহ হাওড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শহর কলকাতায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। আপাতত সেখানে ভারী বৃষ্টির সরাসরি সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে শুক্রবার থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং শনিবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার সহ পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দফতরের মতে, শনিবার দুপুরের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় দুর্যোগের পরিস্থিতি বজায় থাকতে পারে।