সরকারি প্রকল্পের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, পুলিশের জালে ১১ সদস্যের ‘জামতারা গ্যাং’!
বার্তা ডেস্কঃ
কলকাতা শহরের বুকে বসে প্রতারণার জাল বিছিয়েছিল এক আন্তঃরাজ্য সাইবার অপরাধী চক্র। প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সরকারি বিমা প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ার একটি বড়সড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ। পার্ক স্ট্রিটের একটি হোটেল ভাড়া নিয়ে চালানো হচ্ছিল এই প্রতারণার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ মোট ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃতদের সঙ্গে ঝাড়খণ্ডের কুখ্যাত ‘জামতারা গ্যাং’-এর সরাসরি যোগাযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে আটজন বিহারের জামুই জেলার এবং তিনজন ঝাড়খণ্ডের বাসিন্দা। বিভিন্ন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করাই ছিল এই চক্রের মূল কাজ। এই চক্রটি প্রতারণার মাধ্যমে এ পর্যন্ত কত টাকা হাতিয়ে নিয়েছে এবং কার কার থেকে টাকা উধাও করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই প্রতারণাচক্রের পেছনে আরও বড় কোনো মাথার হাত রয়েছে কি না, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।