১৫ বছর পর ভাঙল প্রথা! স্বাধীনতা দিবসে মোদির পরেই দূরদর্শনে শুভেন্দু অধিকারীর ভাষণ!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর জন্য আসতে চলেছে বড় চমক। টানা দেড় দশক পর ফের ১৫ আগস্ট দূরদর্শনে শোনা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিশেষ ভাষণ। রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের কর্মপরিকল্পনা ও প্রশাসনিক দর্শন জনগণের কাছে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বিশেষ বার্তাটি রেকর্ড করা হয়ে গেছে। আগামী ১৫ আগস্ট দূরদর্শনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের ঠিক পরপরই মুখ্যমন্ত্রীর এই ভাষণটি সম্প্রচারিত হতে চলেছে।
রাজ্য বিজেপি সূত্রের খবর, সরকার গঠনের পর কর্মসংস্থান, শিল্প উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে নতুন প্রশাসনের রোডম্যাপ পরিষ্কার করতেই মুখ্যমন্ত্রীকে এই ভাষণের প্রস্তাব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, বিগত ১৫ বছরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসে দূরদর্শনে আলাদা করে কোনো নির্দিষ্ট বার্তা দেওয়ার প্রথা পালন করেননি। তবে বদলে যাওয়া বাংলায় নতুন রাজ্য সরকার আবার সেই পুরোনো প্রথা পুনর্বহাল করতে চলেছে। সরকারের শীর্ষ নেতৃত্বের আলোচনা শেষে মুখ্যমন্ত্রী এতে সম্মতি জানানোয় শনিবার দূরদর্শনের পর্দায় সরাসরি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন বঙ্গবাসী।