আসামের বন্যায় ১০ কোটির সাহায্য শুভেন্দুর, পাশে দাঁড়াল বাংলা!
বার্তা ডেস্কঃ
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত প্রতিবেশী রাজ্য আসাম। বিপর্যস্ত জনজীবন এবং ক্রমশ বাড়তে থাকা প্রাণহানির ঘটনায় সেখানকার পরিস্থিতি চরম রূপ নিয়েছে। আসামের এই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ। পূর্ব ঘোষণা অনুসারেই আসাম সরকারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার আর্থিক সহায়তা পাঠিয়েছে রাজ্য সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাহায্যের কথা জানিয়ে শুভেন্দু অধিকারী লেখেন, “মানুষ মানুষের জন্য—রাষ্ট্রবাদী সরকার সর্বদা জনগণের পাশে।” আসাম ও বাংলার আত্মিক এবং সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি মা কামাখ্যা ও মা কালীর কৃপায় দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রার্থনাও জানান তিনি।
প্রতিবেশী রাজ্যের এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য বাংলার সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি দুই রাজ্যের দীর্ঘদিনের অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বন্যা ত্রাণ ও পুনর্বাসনের কাজে এই ১০ কোটি টাকার আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্ব বহন করবে। এই কঠিন সময় অতিক্রম করার শক্তি জোগাতে তিনি মা কামাখ্যা ও মা কালীর আশীর্বাদ কামনা করেন। সংকটের এই মুহূর্তে উভয় রাজ্যেই পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতার এক অনন্য নিদর্শন তৈরি হলো।