‘অপারেশন সিঁদুর’-এর সেই রুদ্ধশ্বাস গল্প! দাদাগিরির মঞ্চে চোখের জলে স্যালুট দেবের

বার্তা ডেস্কঃ

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র বিশেষ পর্বে এবার হাজির হতে চলেছেন দেশের আসল নায়কেরা। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ পর্বে শত্রুপক্ষের মুখোমুখি হওয়া দেশের তিন বীর যোদ্ধা—’অপারেশন সিঁদুর’-এর তরুণ কুমার বিশ্বাস, কার্গিল যুদ্ধের রনেন্দ্রু চক্রবর্তী এবং প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো অংশ নেবেন। গত মে মাসে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে নিখুঁত ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল। সেই রুদ্ধশ্বাস অভিযানের অভিজ্ঞতার কথা শোনা যাবে এই পর্বে, যা সঞ্চালক দেবকেও আবেগপ্রবণ করে তোলে।

অভিযানের স্মৃতিচারণ করে বাঙালি বীর তরুণ কুমার বিশ্বাস জানান কীভাবে তাঁরা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করেছিলেন। তাঁদের এই অসামান্য সাহসিকতার গল্প শুনে মঞ্চেই শ্রদ্ধার্ঘ্য হিসেবে স্যালুট জানান দেব। চলতি বছরের ২৯ জুন থেকে শুরু হওয়া দাদাগিরির এই সিজনটিতে নিজের সাবলীল সঞ্চালনায় দর্শকদের মন জয় করে নিয়েছেন দেব। প্রতি শনি ও রবিবার রাত ৯:৩০ মিনিটে জি বাংলা ও জি ফাইভ অ্যাপে সম্প্রচারিত এই শোর বিশেষ পর্বে এবার দেশের আসল সংগ্রাম ও বীরত্বের গল্প নতুন মাত্রা যোগ করতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *