নেতাজি-বিতর্কে ব্যাকফুট বিজেপি! ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
বার্তা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ‘বঙ্গবিভূষণ’ সম্মান হাতছাড়া হতেই চরম ব্যাকফুটে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নিজের আপত্তিকর মন্তব্যের জন্য সমাজমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন তিনি। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ জানান, নেতাজির প্রতি পূর্ণ সম্মান জানিয়েই তিনি বলছেন, তাঁর অনিচ্ছাকৃত কোনো বক্তব্যে যদি কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তবে তার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
উল্লেখ্য, আজাদ হিন্দ ফৌজ ও ঐতিহাসিক ঘটনাবলী টেনে নেতাজির বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য পেশ করায় দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়। জল বহুদূর গড়ালে রাজ্য সরকার তাঁর বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারের এই কঠোর পদক্ষেপ ও তীব্র সমালোচনার মুখে পড়ে প্রথমে নিজের মন্তব্যকে ‘ঐতিহাসিক তথ্য’ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, শেষপর্যন্ত চাপের মুখে নতিস্বীকার করে পিছু হটতে বাধ্য হলেন এই বিজেপি সংসদ।