কলকাতা ও উত্তরবঙ্গে ISI-এর জাল! নেপালি বধূকে নিয়ে পাক চরের ভয়াবহ চক্রান্ত ফাঁস
বার্তা ডেস্কঃ
পাকিস্তানের নির্দেশ অনুযায়ী শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ও কলকাতায় চরবৃত্তির জন্য বিশেষ ‘এসপিওনেজ সেল’ বা ঘাঁটি তৈরির চক্রান্ত করছিল পাক চর রানা রউফ খালিদ। সোশ্যাল মিডিয়া ও সরাসরি যোগাযোগের মাধ্যমে নতুন এজেন্ট নিয়োগের কাজ চালাচ্ছিল সে। এই কাজের সুবিধার্থে রানার শিলু নামের এক নেপালি তরুণীকে বিয়ে করার তথ্যও সামনে এসেছে। কাঠমান্ডুতে বসে পাঁচ আইএসআই এজেন্টের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রাখত সে, যাদের কাছে নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার একাধিক বিদেশি সিমকার্ড ছিল। রানা নিজেও শিলিগুড়ি থেকে দুটি সিম সংগ্রহ করেছিল, যার সূত্রে বেশ কয়েকজন স্থানীয় বিক্রেতাকে জেরা করা শুরু করেছেন গোয়েন্দারা।
একটি সুনির্দিষ্ট রিপোর্ট দিতে ঢাকার পাক দূতাবাসের সাহায্যে শনিবার বাংলাদেশের মাধ্যমে করাচি হয়ে ইসলামাবাদের আইএসআই সদর দপ্তরে পৌঁছানোর পরিকল্পনা ছিল রানার। সেখানে রাজ্যের জঙ্গি মডিউল সক্রিয় করা এবং সেনা বা বিএসএফ ক্যাম্পে হামলার রূপরেখা নিয়ে বৈঠকের কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে বনগাঁ দিয়ে বাংলাদেশে পালানোর আগেই হাবড়া থেকে গ্রেপ্তার হয় রানা এবং কলকাতা থেকে ধরা পড়ে তার সঙ্গী মহম্মদ ইজাজ। বর্তমানে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) রানাকে হেফাজতে নিয়ে জেরা করছে, যাতে সে ঠিক কতজনকে এই গোপন নেটওয়ার্কে যুক্ত করেছে তা দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।