জালে ইলিশের ঢল নামতেই নিষেধাজ্ঞা! সমুদ্রে কি আর মিলবে রূপোলী ইলিশ?
বার্তা ডেস্কঃ
দীর্ঘ খরা কাটিয়ে জালে ইলিশের ঝাঁক ধরা পড়তেই কাকদ্বীপসহ উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছিল। গত কয়েক দিনে প্রায় ১৫০ টন বড় ইলিশ বাজারে আসায় স্বস্তি ফিরেছিল। কিন্তু ফের দুর্যোগের জেরে সেই স্বস্তি উধাও। আবহাওয়া সতর্কবার্তায় আগামী ১৫ আগস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। জুলাই মাসে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারগুলি সমুদ্রে নামতে না পেরে যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল, তা এই নতুন নিষেধাজ্ঞায় আরও দীর্ঘায়িত হলো।
সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর ইলিশের দেখা মিললেও বর্তমান নিষেধাজ্ঞার জেরে তারা বড় সংকটে পড়েছেন। দুর্যোগ কেটে যাওয়ার পর জালে আগের মতো ইলিশ মিলবে কি না, তা নিয়ে গভীর সংশয়ে জেলেরা। এর মাঝেই বুধবার রাতে বকখালি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সমুদ্র থেকে ফেরার পথে ট্রলার থেকে পড়ে গিয়ে মন্টু প্রামাণিক নামে এক মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে তল্লাশি চলছে।