১৫ অগাস্ট নয়, ১৮ অগাস্ট! পশ্চিমবঙ্গের এই দুই জেলায় কেন স্বাধীনতার স্বাদ পেতে দেরি হয়েছিল?
বার্তা ডেস্কঃ
১৫ অগাস্ট ১৯৪৭—পুরো দেশ যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল, তখন পশ্চিমবঙ্গের নদিয়া ও মালদা জেলার বেশ কিছু অংশ কার্যত গ্রাস করেছিল তীব্র অনিশ্চয়তা। দেশভাগের পর লর্ড মাউন্টব্যাটেনের নির্দেশে সীমান্ত নির্ধারণের দায়িত্বে ছিলেন ব্রিটিশ আইনজীবী সাইরিল র্যাডক্লিফ। র্যাডক্লিফ লাইনের প্রাথমিক মানচিত্রে ভুলবশত হিন্দুপ্রধান এই অঞ্চলগুলিকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। ফলে ১৫ অগাস্ট গোটা দেশ স্বাধীন হলেও এই এলাকাগুলিতে কিন্তু ওড়ছিল পাকিস্তানের পতাকা।
সীমান্তের এই অবিচারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন নদিয়া ও মালদার সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। গণবিক্ষোভের মুখে পড়ে র্যাডক্লিফ তাঁর ভুল সংশোধন করতে বাধ্য হন এবং ১৯৪৭ সালের ১৭ অগাস্ট সীমানা পুনর্নির্ধারণ করা হয়। পরদিন, অর্থাৎ ১৮ অগাস্ট সকালে অবশেষে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন ভারতের তেরঙা উত্তোলন করা হয়।
দেশভাগের স্মৃতি ও নিজেদের লড়াইয়ের ইতিহাসকে সম্মান জানাতে ১৯৯১ সাল থেকে নদিয়া ও মালদার ওই অঞ্চলগুলিতে প্রতি বছর ১৫ অগাস্টের পাশাপাশি ১৮ অগাস্ট দিনটিকেও স্থানীয় স্বাধীনতা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়।