ডেটিং অ্যাপের ফাঁদে ৪৪ হাজার টাকা খোয়ালেন যুবক, গ্রেপ্তার ৩!
বার্তা ডেস্কঃ
কলকাতায় ফের ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হলেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক তরুণীর ডাকে সাদার্ন অ্যাভিনিউর একটি পানশালায় গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন দক্ষিণ কলকাতার ওই বাসিন্দা। সামান্য খাওয়াদাওয়ার পর তাঁর হাতে তুলে দেওয়া হয় ৪৬ হাজার টাকার বিপুল বিল। যুবক তা মেটাতে অস্বীকার করলে বাদানুবাদ শুরু হয় এবং সুযোগ বুঝে চম্পট দেন ওই তরুণী। এরপর পানশালা কর্তৃপক্ষ জোরপূর্বক যুবকের মানিব্যাগ ও ডেবিট কার্ড কেড়ে নেয় এবং ভয় দেখিয়ে পিন জেনে ৪৪ হাজার টাকা আত্মসাৎ করে তাঁকে মারধর করে বলে অভিযোগ।
ঘটনার পর ভুক্তভোগী যুবক সটান রবীন্দ্র সরোবর থানায় গিয়ে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে পুলিশ পানশালার মালিক যশরাজ সিং, ম্যানেজার অর্ণব ঘোষ এবং এক বাউন্সারকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণীদের টোপ হিসেবে ব্যবহার করে নির্দিষ্ট পানশালায় ডেকে প্রতারণা চালানোর এই তোলাবাজি চক্রের নেপথ্যে রয়েছে ডেটিং অ্যাপ ও পানশালা কর্তৃপক্ষের গভীর যোগসাজশ। পুলিশ পুরো চক্রটির মূল খুঁজতে জোরকদম তদন্ত শুরু করেছে।