নিয়ম মেনে কাটমানি নেওয়ার নিদান! তৃণমূল প্রধানকে অডিও বার্তায় বিপাকে বিডিও, শোরগোল মুর্শিদাবাদে।
বার্তা ডেস্কঃ
ঠিকাদারদের কাছ থেকে নিয়ম মেনে ‘কাটমানি’ নেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠে এলো এক প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে। সম্প্রতি মুর্শিদাবাদের ডোমকলের তৎকালীন বিডিও শঙ্খদীপ দাস ও গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাসানুজ্জামান মণ্ডলের একটি কথোপকথনের অডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে তীব্র শোরগোল পড়ে যায়। অভিযোগ, অডিওতে ঠিকাদারদের থেকে নিয়ম মেনে কমিশন নেওয়ার জন্য ওই পঞ্চায়েত প্রধানকে সরাসরি উৎসাহিত করছিলেন বিডিও। ঘটনার জেরে চরম প্রশাসনিক অস্বস্তি তৈরি হওয়ায় জেলা প্রশাসনের তরফে তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করা হয়। ভাইরাল এই অডিও ক্লিপের জেরে ডোমকলের বিডিও পদ থেকে শঙ্খদীপ দাসকে অপসারণ করা হয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে শঙ্খদীপ দাসকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদ—বহরমপুর সদর মহকুমা দফতরের ‘তৃতীয় অফিসার’ হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে ডোমকল ব্লকের নতুন বিডিও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ্ত অধিকারীকে। ভাইরাল অডিওটিতে ওই আধিকারিককে বলতে শোনা যায়, প্রধান হয়ে টাকা কামাতে হলে কাজ ও সঠিক নিয়ম মেনে কামানো উচিত, যাতে কেউ কিছু না বলতে পারে। গত বুধবার অডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধীরা সরব হয় এবং তীব্র রাজনৈতিক আক্রমণের মুখে পড়ে প্রশাসনকে তড়িঘড়ি এই বদলির সিদ্ধান্ত নিতে হয়।