গ্রেফতারির হাত থেকে বড় রক্ষা, সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের পিএ সুমিত রায়ের!
বার্তা ডেস্কঃ
জমি-দুর্নীতি মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখার নির্দেশ দিয়েছে। ফলে এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, কেন্দ্রীয় সংস্থার তদন্তপ্রক্রিয়ায় সুমিতকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে শালবনির জমি-প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্ট সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। চাকরি-দুর্নীতি মামলায় অন্য একটি নির্দেশ থাকলেও, জমি-দুর্নীতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার সুমিতের আইনজীবী আদালতে জানান যে তাঁর মক্কেল তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। অন্যদিকে, কেন্দ্রের তরফে জানানো হয় যে সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। দুই পক্ষের সওয়াল শোনার পরই আদালত এই অন্তর্বর্তী স্বস্তির নির্দেশ দেয়।