নেতাজি কি সমস্ত নেতার নেতা নন? অনন্ত মহারাজের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি!
বার্তা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতি উত্তাল হতেই কড়া পদক্ষেপের বার্তা দিল বিজেপি রাজ্য নেতৃত্ব। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চেয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ।
অনন্ত মহারাজ দাবি করেছিলেন যে স্বাধীনতা সংগ্রামে নেতাজির কোনো ভূমিকা ছিল না। এই মন্তব্যের পরই রাজ্যজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। বিরোধী দল ও মুখ্যমন্ত্রীর প্রতিবাদের পাশাপাশি রাজ্য সরকার তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নেয়। প্রথমে নিজের অবস্থানে অনড় থেকে ঐতিহাসিক নথির দোহাই দিলেও, লাগাতার চাপের মুখে শুক্রবার সকালে তিনি দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একটি ভিডিও বার্তায় জানান, নেতাজি প্রতিটি জাতীয়তাবাদী মানুষের হৃদয়ে রয়েছেন এবং তিনি “সমস্ত নেতার নেতা”। কংগ্রেসের ইতিহাস টেনে তিনি বলেন, নেতাজিকে তখন দল থেকে বের না করলে হয়তো দেশভাগ এড়ানো যেত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নেতাজির স্থান সবার উপরে। সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লাগলে দল যে বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করবে, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।