শিক্ষক নিয়োগে হঠাৎ স্থগিতাদেশ, বিপাকে চাকরিপ্রার্থীরা!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন (WBSSC)-এর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের বড়সড় ধাক্কা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ই আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও, এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কমিশন। মূলত ওবিসি (OBC) সংরক্ষণ নীতির জটিলতাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই অচলাবস্থা। সাবেক ১৭ শতাংশ ওবিসি কোটা এবং বর্তমান সংশোধিত ৭ শতাংশের দ্বন্দ্বে সুপারিশপত্র প্রদান নিয়ে দেখা দিয়েছে আইনি সংশয়। ফলে আরও আইনি জটিলতা এড়াতে আপাতত ১২টি বিষয়ের বাকি থাকা কাউন্সেলিং সহ মধ্যশিক্ষা পর্ষদের পুলিশ ও মেডিক্যাল ভেরিফিকেশন বন্ধ রাখা হয়েছে।

আইনি জটিলতা মেটাতে এবং নিয়োগের সময়সীমা আগামী ৩১শে আগস্ট পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়ে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে এসএসসি। ২০২৩ সালে চাকরি হারানো যোগ্য প্রার্থীদের একটি বড় অংশ এই প্রক্রিয়ায় যুক্ত থাকায়, নতুন করে থমকে যাওয়া এই নিয়োগে তাঁদের ভবিষ্যৎ আবারও চরম অনিশ্চয়তার মুখে পড়ল। এর প্রতিবাদে এবং অবিলম্বে প্যানেলভুক্তদের চাকরি দেওয়ার দাবিতে চরম আর্থিক সংকটে থাকা চাকরিপ্রার্থীরা কলকাতার করুণাময়ীতে ফের সরব হয়ে রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *