রেড রোডে ইতিহাস গড়লেন শুভেন্দু, শ্যামাপ্রসাদের স্মৃতিতে কোন বার্তা দিলেন তিনি?
বার্তা ডেস্কঃ
৮০তম স্বাধীনতা দিবসে রেড রোডের বর্ণাঢ্য অনুষ্ঠান থেকে সংকল্পবদ্ধ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক সংকীর্ণতা ভুলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্ন পূরণ করতে হলে আগে গড়ে তুলতে হবে গৌরবের বিকশিত পশ্চিমবঙ্গ। ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দ মহারাজের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, পাহাড় থেকে সুন্দরবন—কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন ও সুরক্ষাকে প্রাধান্য দিয়ে গোটা রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার আনাই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য।
রেড রোডে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী নেতাজির মূর্তিতে মাল্যদান করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন আইপিএস অফিসারকে ‘মুখ্যমন্ত্রীর পদক’ প্রদান করা হয়। কুচকাওয়াজ শেষে মোট ১২টি আকর্ষণীয় ট্যাবলো প্রদর্শিত হয়, যার মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশেষ ট্যাবলো ছাড়াও অন্নামৃত, কন্যারত্ন, দুর্গাশক্তি বাহিনী ও আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতো জনকল্যাণমুখী উদ্যোগগুলো তুলে ধরা হয়। স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা স্মরণ করিয়ে তিনি সংকল্প পূরণের বার্তা দেন।