অঙ্কিতা হত্যাকাণ্ডে গর্জে উঠলেন রাহুল, কাঠগড়ায় বিজেপি!
বার্তা ডেস্কঃ
২০২২ সালের চাঞ্চল্যকর অঙ্কিতা ভান্ডারি হত্যাকাণ্ড নিয়ে আবারও শাসকদল বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি ক্ষোভ উগরে দেন। সম্প্রতি অঙ্কিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাহুল। চার বছর পার হয়ে গেলেও নির্যাতিতার পরিবার এখনও উপযুক্ত ন্যায়বিচার পায়নি বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে অপরাধীদের বাঁচানোর জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন এই কংগ্রেস নেতা।
ঋষিকেশের রিসোর্ট কাণ্ড ও ৪ বছরের আইনি লড়াই
২০২২ সালে উত্তরাখণ্ডের ‘ভানান্তারা’ রিসোর্টের ১৯ বছর বয়সী রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারি নিখোঁজ হন। অভিযোগ উঠে, রিসোর্টের মালিক ও তার সহযোগীদের অনৈতিক এবং লজ্জাজনক দাবি মানতে অস্বীকার করায় অঙ্কিতাকে হত্যা করে চিলা খালে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং জলে ডুবে মৃত্যুর প্রমাণ মেলে।
ঘটনার তদন্ত শুরু হওয়ার আগেই রিসোর্টের বিশেষ একটি অংশ রাতারাতি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, যা নিয়ে শুরু থেকেই পুলিশের ভূমিকা ও তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। রাহুলের অভিযোগ, প্রভাবশালীদের আড়াল করতেই পরিকল্পিতভাবে প্রমাণ লোপাট ও অভিযুক্তদের সুরক্ষা দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
বিজেপিকে রাহুলের তীব্র আক্রমণ
সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লেখেন, “এটাই বিজেপির বিকৃত মানসিকতা—ধর্ষক ও অপরাধীদের আড়াল করা, তাদের রাজনৈতিক সুরক্ষা দেওয়া এবং ফুলমালা দিয়ে সংবর্ধনা জানানো। যারা অপরাধীদের বাঁচায়, তারা বিশ্বের সবচেয়ে ঘৃণ্য মানুষ। আজ বিজেপিতে এই ধরনের লোকেরই ভিড়।”
তিনি আরও বলেন, সমাজ থেকে নারীবিদ্বেষ এবং নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখার মানসিকতা দূর না হওয়া পর্যন্ত ভারতের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীরা পূর্ণ সম্মান, নিরাপত্তা, সমতা ও ন্যায়বিচার পাবেন।