ইউরোপের ভয়াবহ তাপপ্রবাহে স্তব্ধ বেলজিয়াম, বাড়ছে মৃত্যুর মিছিল!
বার্তা ডেস্কঃ
ইউরোপ জুড়ে শুরু হয়েছে নজিরবিহীন চরম তাপপ্রবাহ। সাধারণত ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য পরিচিত বেলজিয়াম ও সুইডেনের মতো দেশগুলোতে দাবদাহ চরম বিপত্তি ডেকে এনেছে। বিশেষ করে বেলজিয়ামে এই তীব্র গরমের কারণে স্বাস্থ্য পরিষেবা মারাত্মক সংকটের মুখে পড়েছে।
প্রবল গরমে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বয়স্ক নাগরিকেরা। জুনের শেষ সপ্তাহে পুরো ইউরোপ জুড়ে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৬ হাজারেরও বেশি বাড়তি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যার শীর্ষে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানি। বেলজিয়ামের ওয়ালোনিয়া অঞ্চলে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুতে মৃত্যুহার স্বাভাবিকের থেকে ৭৭% বৃদ্ধি পেয়েছে। ওয়ালোনিয়ায় মৃত্যু হওয়া ৯০০-র বেশি মানুষের মধ্যে ৮৫ শতাংশেরই বয়স ৬৫ বছরের উপরে; মূলত হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
আকস্মিক এই তাপপ্রবাহে হাসপাতালগুলোতে রোগীর চাপ মাত্রা ছাড়িয়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ওয়ালোনিয়ার জরুরি বিভাগগুলো। শীতপ্রধান দেশ হওয়ায় এখানকার অধিকাংশ পুরনো হাসপাতাল ও আবাসিক বাড়িতে ঘর গরম রাখার ব্যবস্থা থাকলেও শীতাতপ নিয়ন্ত্রণের (AC) ব্যবস্থা নেই। ফলে লিয়েজের মতো শহরের হাসপাতালগুলোর করিডোরে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
শুধু স্বাস্থ্যক্ষেত্রেই নয়, জলবায়ু পরিবর্তনের ধাক্কা ছড়িয়ে পড়েছে সমগ্র ইউরোপে। স্প্যান ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, অন্যদিকে রোমানিয়া, মলদোভা, হাঙ্গেরি ও ইতালির মতো দেশে শুরু হয়েছে খরা ও বিদ্যুৎ সংকট। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ঠান্ডা দেশগুলোর পরিকাঠামো অনতিবিলম্বে পরিবর্তন না করলে ভবিষ্যতেও ইউরোপকে আরও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।