পশ্চিমবঙ্গকে সেরা রাজ্য গড়ার চ্যালেঞ্জ শুভেন্দুর!
বার্তা ডেস্কঃ
আজ, শনিবার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক বিশেষ সংকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এটিই ছিল মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান। বক্তব্যের শুরুতেই তিনি স্পষ্ট জানান, আর্থিক ও সামাজিক—সকল দিক দিয়েই পশ্চিমবঙ্গকে দেশের শীর্ষস্থানে নিয়ে যাওয়া তাঁদের প্রধান লক্ষ্য।
রেড রোডের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য ও মাল্যদান করেন। অনুষ্ঠানে তাঁর পোশাকে ফুটে ওঠে চিরাচরিত বাঙালিয়ানা; ধুতি-পাঞ্জাবি পরিহিত অবস্থায় মঞ্চে উপস্থিত হন তিনি।
জাতীয় পতাকা উত্তোলনের পর রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন সফল করতে হলে সর্বপ্রথমে একটি ‘বিকশিত ও গৌরবময় পশ্চিমবঙ্গ’ গড়ে তুলতে হবে। ইতিহাসের প্রেক্ষাপট স্মরণ করিয়ে তিনি বলেন, ১৯৪৭ সালের ২০ জুন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দ মহারাজের যৌথ প্রচেষ্টায় ভারতের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের ভিত্তি তৈরি হয়েছিল। সেই ধারা বজায় রেখে পাহাড় থেকে সুন্দরবন—রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়ন ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বাংলাকে জাতীয়তাবাদ ও রাষ্ট্রবাদের পুণ্যভূমি উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্মরণ করেন ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং বীণা দাসের মতো মহান সংগ্রামীদের অবদান। রাজনৈতিক মতভেদ ভুলে সকলকে একযোগে রাজ্যের অগ্রগতির জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৬ সালের ৯ মে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডের ময়দানে যে শপথ নেওয়া হয়েছিল, রাজ্য সরকার সেই সংকল্প থেকে পিছপা হবে না।