ভারতের নাশকতার ছক বানচাল, বেঙ্গালুরুতে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক!
বার্তা ডেস্কঃ
পাকিস্তানের সেনাবাহিনী এবং ভারতের মাটিতে বড় ধরনের নাশকতামূলক হামলার ষড়যন্ত্রের অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হলো ২৫ বছর বয়সী এক যুবককে। চাঞ্চল্যকর বিষয় হলো, অভিযুক্ত যুবক পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (TTP)-এর এক সদস্যের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই হামলার পরিকল্পনা করছিল।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আসাফুল মল্লিক। তিনি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা। গত ২০২৫ সালের ডিসেম্বর থেকে তিনি বেঙ্গালুরুর জিগানি এলাকার একটি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। নিয়মিত টহলের সময় তাঁর অনলাইন গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁকে আটক করে।
জেরায় আসাফুল স্বীকার করেছেন, পাকিস্তান ও ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত নিয়ে তাঁর তীব্র ক্ষোভ ছিল। সামাজিক মাধ্যমে তাঁর পরিচয় হয় ইমরান হায়দর নামের এক আফগান নাগরিকের সঙ্গে, যিনি টিটিপি-র সঙ্গে সরাসরি যুক্ত। আসাফুল আফগানিস্তান যাওয়ার পরিকল্পনা করে ভিসার আবেদনও করেছিলেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে শেষ পর্যন্ত যেতে পারেননি।
তদন্তকারীরা জানিয়েছেন, আসাফুলকে টানা মগজধোলাই করা হচ্ছিল এবং ভারতে কোনো সমস্যা হলে প্রতিশোধ হিসেবে দেশের ভেতরেই হামলা চালানোর প্ররোচনা দেওয়া হচ্ছিল। তাঁর মোবাইল ঘেঁটে ওই আফগান যুবকের সঙ্গে একাধিক কথোপকথনের প্রমাণ মিলেছে। এই চক্রে আর কারা জড়িত, তা জানতে তদন্ত জারি রয়েছে।