রাত ১২টা পর্যন্ত পড়াশোনা? রায়গঞ্জ লাইব্রেরিতে এখন মিলছে দারুণ সুযোগ!
বার্তা ডেস্কঃ
রায়গঞ্জ: নিজ গৃহে পড়াশোনার অনুকূল পরিবেশ কিংবা পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে যেসব ছাত্রছাত্রীদের, তাদের পাশে দাঁড়াতে এক অনন্য নজির গড়ল রায়গঞ্জের উত্তর দিনাজপুর রাষ্ট্রীয় জেলা গ্রন্থাগার। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবার ভোর ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত লাইব্রেরির বিশেষ পাঠকক্ষ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, নৈশকালিন সুরক্ষার কথা ভেবে নিশ্চিত করা হয়েছে বিশেষ পুলিশি নিরাপত্তাও।
কর্ণজোড়ায় অবস্থিত এই জেলা গ্রন্থাগারে প্রতিদিন সকাল হতেই ভিড় জমাচ্ছেন বহু উৎসাহী শিক্ষার্থী। বাড়ি থেকে নিজেদের বইপত্র এনে পাঠকক্ষে নিরিবিলিতে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করছেন তাঁরা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের গবেষক সায়নী রায়ের মতে, লাইব্রেরির সাধারণ সরকারি সময়সূচি বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা হলেও, নতুন এই পরিষেবার কারণে ভোর ৬-৭টা থেকেই তারা শান্ত পরিবেশে নিজেদের প্রস্তুতি সেরে নিতে পারছেন। প্রয়োজনবোধে তারা বিনামূল্যে লাইব্রেরির বইও নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।
লাইব্রেরি সূত্রে খবর, সরকারি ছুটির দিনসহ সপ্তাহের প্রতিদিনই ৩০ থেকে ৩৫ জন পড়ুয়া নিয়মিত এই পরিষেবা গ্রহণ করছেন। যে সমস্ত পরিবারের শিক্ষার্থীরা পরিকাঠামোগত বা আর্থিক সংকটের কারণে বাড়িতে আলো-পাখার মতো ন্যূনতম সুবিধার সুযোগ পান না, মূলত তাঁদের জন্যই এই বিশেষ উদ্যোগ।
গ্রন্থাগার আধিকারিক দেবব্রতকুমার দাস জানান, যেসব ছেলেমেয়েদের বাড়িতে পর্যাপ্ত ঘর বা পড়াশোনার উপযোগী পরিবেশ নেই, তাদের সাহায্য করাই এই নতুন বিভাগের প্রধান উদ্দেশ্য। এই জনমুখী উদ্যোগে রায়গঞ্জ ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে প্রবল উৎসাহ ও স্বস্তি দেখা দিয়েছে।