বিদেশে গোপন সম্পত্তি? ৩১ ডিসেম্বরের মধ্যে সাবধান না হলে সর্বনাশ!
August 15, 2026
বার্তা ডেস্কঃ
বিদেশে সম্পত্তি বা আয় থাকা সত্ত্বেও যাঁরা আয়কর রিটার্নে (ITR) তা প্রকাশ করেননি, তাঁদের জন্য বিশেষ স্কিম নিয়ে এসেছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT)। ‘ক্ষুদ্র করদাতাদের জন্য বৈদেশিক সম্পদ – প্রকাশ প্রকল্প বিধিমালা, ২০২৬’ শীর্ষক এই নিয়মটি কার্যকর হচ্ছে ১৬ অগস্ট, ২০২৬ থেকে। এর মাধ্যমে পুরোনো ভুল শুধরে আইনি জটিলতা এড়ানোর সুযোগ মিলবে।
কারা সুবিধা পাবেন?
- কর রিটার্নে না দেখানো অঘোষিত বিদেশি সম্পত্তি ও আয়।
- অনাবাসী (NR) থাকাকালীন কেনা সম্পত্তি যা ভারতে আসার পর ঘোষণা করা হয়নি।
- কর মেটানো টাকা দিয়ে বিদেশে কেনা সম্পদ, যা ভুলবশত আইটিআর-এ দেখানো হয়নি।
আর্থিক সীমা ও করের নিয়ম:
- অঘোষিত বিদেশি আয় বা সম্পত্তির বাজার মূল্য সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত হতে পারবে। এই ক্ষেত্রে ৩০% কর এবং ১০০% জরিমানা (মোট ৬০%) দিতে হবে।
- এনআরআই বা কর প্রদান করা টাকা দিয়ে অর্জিত সম্পত্তির ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৫ কোটি টাকা। এখানে অতিরিক্ত কর-জরিমানা নেই, কেবল ক্ষেত্রবিশেষে সর্ব্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত নির্দিষ্ট ফি দিতে হতে পারে।
আইনি সুরক্ষা ও সময়সীমা: নির্দিষ্ট কর মিটিয়ে দিলে ‘কালো টাকা আইন, ২০১৫’-এর অধীনে পরবর্তী আইনি পদক্ষেপ বা জরিমানা থেকে পূর্ণ রেহাই মিলবে। করদাতাদের ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে ‘ফর্ম ১’-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর কর বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী দুই মাসের মধ্যে বকেয়া মেটাতে হবে; বিলম্ব হলে প্রতি মাসে ১% সুদ প্রযোজ্য হবে।