স্বাধীনতা দিবসে বড় চমক! উত্তরাখণ্ডের পর এবার কোন রাজ্যে কার্যকর হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি?
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে এক ঐতিহাসিক ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। উত্তরাখণ্ড, গুজরাট ও আসামের পর এবার মধ্যপ্রদেশেও দ্রুত কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (UCC)। গত ২১ জুলাই কংগ্রেসের প্রবল বিরোধিতা সত্ত্বেও বিধানসভায় পাশ হয় এই বিতর্কিত বিলটি। নতুন এই আইনে সব ধর্মের জন্য অভিন্ন বিবাহ ও বিচ্ছেদ বিধির পাশাপাশি ‘তিন তালাক’ এবং ‘বহুবিবাহ’ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ‘লিভ-ইন’ সম্পর্কের ক্ষেত্রে এক মাসের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধনের কঠোর নিয়ম আনা হচ্ছে। তবে সংবিধান রক্ষা করে তফসিলি উপজাতি সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী মোহন যাদব সাফ জানিয়ে দেন, শ্রীরাম ও শ্রীকৃষ্ণের সাম্যের বার্তাকে পাথেয় করেই রাজ্যজুড়ে ‘রাম ও রহিম’ সকলের জন্য একই আইন বলবৎ হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ‘এক দেশ, এক বিধান’ নীতির পক্ষে সওয়াল করে আসছে কেন্দ্র। সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও, মধ্যপ্রদেশ সরকারের দাবি—আইনের চোখে বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতেই এই পদক্ষেপ। রাজ্য রাজনীতিতে তোষণের রাজনীতির অভিযোগ উসকে দিয়ে বিলটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এক নতুন ইতিহাস তৈরির পথে হাঁটছে মধ্যপ্রদেশ সরকার।