অন্ধপ্রদেশ থেকে ফরাক্কা, ২০০ আইফোন চুরির ঘটনায় গ্রেফতার ৪!

বার্তা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের তিরুপতির এক আইফোন শোরুমের দেওয়াল কেটে কোটি কোটি টাকার ২০০টি আইফোন চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে চোরচক্রের শেষরক্ষা হয়নি; চুরি হওয়া ফোনগুলি বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। অন্ধ্রপ্রদেশ পুলিশ ও ফরাক্কা থানার যৌথ অভিযানে পশ্চিমবঙ্গের নিউ ফরাক্কা লোহাপাট্টি এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে আন্তঃরাজ্য চোরাচালান চক্রের চার সদস্যকে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সবকটি আইফোন, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট শোরুমের দেওয়াল কেটে দুষ্কৃতীরা বিপুল পরিমাণ আইফোন নিয়ে চম্পট দেয়। এরপর ট্র্যাকিং ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে লোহাপাট্টিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ফোনগুলি। ধৃতদের মধ্যে রয়েছে ফরাক্কা ব্যারেজ আবাসনের মহম্মদ আসমাউল হক এবং ঝাড়খণ্ডের রাধানগরের নাসির উদ্দিন শেখ, টনিক শেখ ও আলাম শেখ। ধৃত চারজনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই চক্রের পেছনে আরও বড় কোনো আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *