সাহগেলের ফ্ল্যাটে পাহাড়প্রমাণ সোনা ও দলিল, আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী!

বার্তা ডেস্কঃ

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাহগেল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সম্পত্তির দলিল, সোনার গয়না ও নগদ টাকা উদ্ধার করেছে রাজ্য পুলিশ। শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া এই ম্যারাথন অভিযান শনিবার গভীর রাত পর্যন্ত চলে। বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন ওই ফ্ল্যাটে শনিবার বিকেলে সাহগেল নিজেই উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে উদ্ধার হওয়া নথিতে বিভিন্ন বিলাসবহুল এলাকায় বিঘার পর বিঘা জমি ও সম্পত্তি সংক্রান্ত একাধিক অসঙ্গতি নজরে এসেছে। এই বিপুল সম্পত্তির উৎস এবং এর পেছনে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

এদিকে, এই তল্লাশির নেপথ্যে টুলু মণ্ডলের সঙ্গে সাহগেলের কোনো আর্থিক বা সম্পত্তিগত সংযোগ রয়েছে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি টুলুর সাম্রাজ্য সামনে আসার পর তাঁর ম্যানেজার ও ঘনিষ্ঠরা গ্রেপ্তার হয়েছেন এবং উদ্ধার হওয়া ডায়েরি থেকে প্রভাবশালী মহলের নাম সামনে এসেছে। একই দিনে টুলুর শ্যালক মিঠু শেখের বিলাসবহুল বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। সমস্ত ঘটনার যোগসূত্র খুঁজে বের করতে এবং অর্থের সঠিক উৎস নিশ্চিত করতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *