সীমান্তের মাদ্রাসায় বেলুড় মঠের মহারাজ, স্বাধীনতা দিবসে সম্প্রীতির অনন্য নজির!

বার্তা ডেস্কঃ

৭৯তম স্বাধীনতা দিবসে সম্প্রীতির এক অসামান্য দৃশ্যের সাক্ষী থাকল বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদের ডোমকল। সেখানকার ‘জামিয়া আরাবিয়া বাহরুল উলুম’ মাদ্রাসায় আয়োজিত স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী পরমানন্দ মহারাজ। তাঁর উপস্থিতিতে মাদ্রাসার পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উৎসাহের সৃষ্টি হয়। পতাকা উত্তোলনের পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ এবং গঠনমূলক শিক্ষার প্রশংসা করে মহারাজ বলেন, বিবেকানন্দের প্রকৃত আদর্শের প্রতিফলন এখানে দেখা যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের পাশাপাশি অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মাদ্রাসা প্রাঙ্গণে উদযাপনের পাশাপাশি এদিন ডোমকল শহরে একটি বর্ণাঢ্য সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়। প্রায় ৪৮০ ফুটের বিশাল জাতীয় পতাকা নিয়ে আয়োজিত এই দীর্ঘ মিছিলে মাদ্রাসার খুদে পড়ুয়া, মৌলানা ও সাধারণ মানুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে পা মেলান স্বামী পরমানন্দ মহারাজও। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, উক্ত মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন, আদর্শ ও সঠিক জ্ঞানচর্চার ওপর বিশেষ নজর দেওয়া হয়। সমাজে প্রকৃত শিক্ষার প্রসার ঘটাতে এমন প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রীতি ও একতার এই অনন্য ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং সর্বস্তরের মানুষ একে সাধুবাদ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *