লালকেল্লায় ফের অনুপস্থিত খাড়্গে-রাহুল, মোদীর নিশানায় কে?

বার্তা ডেস্কঃ

টানা দ্বিতীয় বছরের মতো স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। লালকেল্লায় আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানে তাঁদের জন্য নির্ধারিত আসন থাকা সত্ত্বেও শীর্ষ কংগ্রেস নেতারা অনুপস্থিত থাকেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে নাম না করে বিরোধীদের নিশানা করে বলেন, কিছু মানুষ ভারতের ভালো দেখতে পারে না এবং তাঁদের এই মানসিকতা দেশের অমঙ্গল ডেকে আনে। খাড়্গে ও রাহুলের এই অনুপস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক বা কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

২০২৪ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধীর জন্য পঞ্চম সারিতে আসন বরাদ্দ করার পর থেকেই এই বিরোধের সূত্রপাত ঘটেছিল। সেবার একে আসাম্মানজনক বলে দাবি করেছিল কংগ্রেস। দলের যুক্তি ছিল, বিরোধী দলনেতারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা পান, ফলে তাঁদের প্রথম সারিতে বসা উচিত। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রকের স্পষ্ট বক্তব্য ছিল, প্রটোকল মেনে এবং অলিম্পিক পদকজয়ীদের অগ্রাধিকার দিতেই ওই আসন বিন্যাস করা হয়েছিল। পূর্বের সেই ক্ষোভের জেরেই যে বর্তমান এই ধারাবাহিক বয়কট, তা রাজনৈতিক মহলের একাংশের অভিমত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *