নদিয়ায় দুষ্কৃতী তাণ্ডব, গাড়ি আটকে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের রাতেই রক্তে রাঙা হয়ে উঠল নদিয়া। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন এক প্রবীণ কংগ্রেস নেতা ও তাঁর তরুণ আইনজীবী-পুত্র। নৃশংসবাবে গাড়ি আটকে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় এবং মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে সমগ্র নাকাশিপাড়া এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
নিহতদের পরিচয় পাওয়া গেছে—প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ও নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ান, যিনি কল্যাণীতে আইন (LLB) নিয়ে পড়াশোনা করছিলেন। শনিবার সন্ধ্যায় বেথুয়াডহরি রেলগেট সংলগ্ন নাগাদি এলাকায় গাড়িতে করে বাড়ি ফেরার সময় তাঁদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে।
এই জোড়া খুনের পেছনে রাজনৈতিক শত্রুতা রয়েছে বলে দাবি করেছে নিহত কংগ্রেস নেতার পরিবার। বর্তমানে কারাগারে থাকা এক স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর ঘনিষ্ঠ অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। অন্যদিকে, এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।