মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার লালমঞ্চ থেকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য ঘিরে দেশের রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গলের বন্দুকধারী মাওবাদীদের দৌরাত্ম্য কমলেও সুযোগের অপেক্ষায় রয়েছে ‘দিমাগি নকশাল’ বা মানসিক চিন্তার মাওবাদীরা, যারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। তাঁর এই বার্তার পরেই এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, দিমাগি নকশাল হতে পেরে তিনি গর্বিত। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয় নানা জল্পনা ও বিতর্ক।
বিরোধী নেতাদের নিশানা করার অভিযোগ উঠলে তা দ্রুত খণ্ডন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি সাফ জানান, প্রধানমন্ত্রী মোটেও বিরোধী রাজনৈতিক দলগুলোকে ‘দিমাগি নকশাল’ বলেননি। রিজিজু নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ব্যাখ্যা দিয়ে জানান, যারা ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে মাওবাদীদের সমর্থন করে এবং দেশের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলে, মূলত তাদেরই এই বিশেষ নামে অভিহিত করা হয়েছে। এই বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি মন্তব্যে জাতীয় রাজনীতি এখন উত্তাল।