দুপুরের ভাতঘুম কি শুধুই অলসতা, নাকি শরীরে বাসা বাঁধছে বড় কোনো রোগ!
বার্তা ডেস্কঃ
দুপুরে খাওয়ার পর হঠাৎ চোখে ভারী ঘুম নেমে আসা বা কাজের ডেস্কে ঝিমুনি আসাকে আমরা অনেকেই স্রেফ “ভাতঘুম” বলে উড়িয়ে দিই। তবে চিকিৎসকদের মতে, এই নিয়মিত ঢুলুনি শুধু পেট ভরার স্বাভাবিক প্রতিক্রিয়া নাও হতে পারে, বরং এটি শরীরের কোনো লুকানো সতর্কবার্তা হতে পারে। ভারী বা শর্করাজাতীয় খাবার খেলে রক্তে সুগার দ্রুত বাড়ে এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হওয়ার প্রক্রিয়ায় মস্তিষ্কে ঘুম উদ্রেককারী হরমোন ক্ষরণ শুরু হয়। এছাড়া রাতের ঘুমের ঘাটতি, শরীরে জলের অভাব কিংবা থাইরয়েড, অ্যানিমিয়া ও স্লিপ অ্যাপনিয়ার মতো স্বাস্থ্য সমস্যা থাকলেও দুপুরের এই ক্লান্তি বহুগুণ বেড়ে যেতে পারে।
তবে খাওয়ার পর অতিরিক্ত ক্লান্তি, হাত-পা কাঁপা, খুব বেশি তৃষ্ণা কিংবা রাতের বেলা তীব্র নাক ডাকার মতো লক্ষণ থাকলে অবহেলা করা বিপজ্জনক হতে পারে; কারণ এটি টাইপ-২ ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। এই সমস্যা এড়াতে দুপুরের খাবারে শর্করার পরিমাণ কমিয়ে শাকসবজি ও প্রোটিনের অনুপাত বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটাচলা করা এবং জল পানের অভ্যাস বজায় রাখা উচিত। প্রতিদিন দুপুরে এই ঢুলুনি দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটালে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করানো শ্রেয়।