ইউজিসি-নেট পরীক্ষায় বড়সড় গলদ, ৩টি বিষয়ের নতুন তারিখ ঘোষণা করল NTA!
বার্তা ডেস্কঃ
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আয়োজিত ইউজিসি-নেট (UGC-NET) জুন ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক গুরুতর ভুলের অভিযোগে ৩টি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয় তিনটি হলো ইংরেজি, কমার্স এবং সোশিওলজি। পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা বিশেষজ্ঞ কমিটির তদন্তে তথ্যের বিভ্রাট, টাইপিং ও অনুবাদের গলদ, বিখ্যাত পণ্ডিতদের বানান ভুল, মনগড়া শব্দ ব্যবহার এবং পুরনো পরীক্ষার প্রশ্ন হুবহু তুলে দেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পরীক্ষার স্বচ্ছতা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করতেই এই পুনর্বিবেচনা।
তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে NTA নতুন সূচি প্রকাশ করেছে। আগামী ৯ সেপ্টেম্বর প্রথম শিফটে ইংরেজি এবং দ্বিতীয় শিফটে কমার্স বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন, ১০ সেপ্টেম্বর প্রথম শিফটে নেওয়া হবে সোশিওলজি পরীক্ষা। তবে এই সিদ্ধান্ত বাকি ৮৪টি বিষয়ের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। এজেন্সি স্পষ্টভাবে জানিয়েছে, অ্যানসার কি চ্যালেঞ্জ প্রক্রিয়া শেষ হওয়া অন্য বিষয়গুলির ফল পূর্বনির্ধারিত সূচি মেনেই প্রকাশ করা হবে।