সৌরভের হাত ধরে ফিরছে বিগ বস বাংলা, জেনে নিন সম্প্রচারের চূড়ান্ত দিনক্ষণ!
বার্তা ডেস্কঃ
টেলিভিশনের পর্দায় ফিরছে চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। জিৎ ও মিঠুন চক্রবর্তীর পর এবার সিজন ৩-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টার জলসা ও ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা/হটস্টারে যৌথভাবে সম্প্রচারিত হতে যাওয়া এই শো ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সম্প্রতি প্রকাশ পাওয়া নতুন প্রোমোতে সৌরভকে বলতে শোনা গেছে, “এখানে মাথার ওপর আকাশ দেখতে গিয়ে পায়ের তলার মাটি সরে যেতে পারে।” ‘দুর্গ জয় সহজ নয়’ ট্যাগলাইন নিয়ে তৈরি এই সিজনে প্রতিযোগীদের কঠিন মানসিকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চ্যানেলের তরফে শো-এর চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অগাস্ট, রবিবার রাত ৮টায় হতে চলেছে ‘বিগ বস বাংলা’-র গ্র্যান্ড ওপেনিং। এরপর ৩১ অগাস্ট থেকে প্রতিদিন রাত ৯:৩০টায় সম্প্রচারিত হবে এই মেগা শো। বিনোদন জগতের তারকা ও জনপ্রিয় ইউটিউবারদের নাম সম্ভাব্য প্রতিযোগী হিসেবে চর্চায় থাকলেও, চূড়ান্ত তালিকা সারপ্রাইজ হিসেবেই রেখেছে কর্তৃপক্ষ।