গোয়েঙ্কার সাফল্যে অনুপ্রাণিত শাহরুখ, ইংল্যান্ডের লিগে এবার কি বড় চমক নাইট রাইডার্সের?
বার্তা ডেস্কঃ
বিশ্বজুড়ে নিজেদের সাম্রাজ্য বাড়াতে এবার বড় পদক্ষেপের পথে নাইট রাইডার্স গ্রুপ। সম্প্রতি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে সঞ্জীব গোয়েঙ্কার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি গ্রুপকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। বিশ্ব জুড়ে বিভিন্ন লিগে সফলভাবে দল চালানোর পর, এবার ইংল্যান্ডের ক্রিকেট লিগেও নতুন ফ্র্যাঞ্চাইজি কেনার দিকে নজর দিয়েছে নাইট রাইডার্স। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ২০২৮ সাল থেকে এই টুর্নামেন্টে দল সংখ্যা বাড়িয়ে ১০ করার পরিকল্পনা করছে, আর সেখানেই ঝাঁপাতে পারে শাহরুখের এই বিশ্বখ্যাত ক্রিকেট গ্রুপ।
মূলত ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গিয়েছে, হান্ড্রেড লিগে যদি দল সংখ্যা বৃদ্ধি করা হয়, তবে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে সর্বাগ্রে থাকবে কেকেআর মালিকপক্ষ। এর আগে ‘ট্রেন্ট রকেটস’ কেনার দৌড়ে আগ্রহ দেখালেও উচ্চ দামের কারণে সেবার তারা পিছিয়ে আসে এবং দলটির মালিকানা চলে যায় চেলসি ফুটবল ক্লাবের মালিক টেড বোহলির হাতে। তবে ভবিষ্যতে নতুন দল যোগ হলে শাহরুখের নাইট রাইডার্স গ্রুপ ফের পূর্ণ শক্তি নিয়ে লড়াইয়ে নামবে। উল্লেখ্য, আইপিএল ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আবু ধাবি টি-টেন এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে ইতিমধ্যেই দাপট দেখাচ্ছে নাইটরা।