পি চিদম্বরম একজন বিশুদ্ধ নকশাল, বিস্ফোরক দাবি হিমন্ত বিশ্ব শর্মার!
বার্তা ডেস্কঃ
দেশের বর্তমান উন্নয়ন ও শান্তির আবহ সহ্য করতে না পেরে কংগ্রেস দল দেশে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে বলে তীব্র আক্রমণ শানালেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। দিসপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নেতৃত্বে হতাশ হয়ে পড়া কংগ্রেস ২০২৯ সালে ক্ষমতায় ফেরার আশায় দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে।
আসামের মুখ্যমন্ত্রী অতীতে কংগ্রেস আমলের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে বলেন, আগে উগ্রবাদ ও সন্ত্রাসের কারণে মানুষ স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস ঠিকমতো পালন করতে পারত না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ ‘বিকশিত ভারতের’ পথে এগিয়ে চলেছে, যা কংগ্রেস মেনে নিতে পারছে না।
পাশাপাশি, কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরমকে নিশানা করে তিনি বলেন, চিদম্বরম শুধু ‘দিমাগী নকশাল’ নন, তিনি একজন ‘বিশুদ্ধ নকশাল’। উল্লেখ্য, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নকশাল মানসিকতার মানুষদের ‘দিমাগী নকশাল’ বলে অভিহিত করেছিলেন। এর জবাবে ১৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে চিদম্বরম লেখেন যে, তিনি ‘দিমাগী নকশাল’ হতে পেরে গর্বিত।
চিদম্বরমের এই মন্তব্যের জেরে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, অতীতে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন চিদম্বরম জেনেশুনেই মাওবাদ দমনে গাফিলতি করেছিলেন কি না, তা নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত। বর্তমানে এই বয়ানবাণীকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে উত্তেজনার পারদ তুঙ্গে।