জোড়া নিম্নচাপের দাপট! দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট, ভেস্তে যাবে সব পরিকল্পনা?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে গঠিত নতুন নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত কলকাতা, বীরভূম, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)। সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং মঙ্গলবারের সব বাইরের পরিকল্পনা বাতিল করার ইঙ্গিত মিলছে। একই সাথে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ইতিমধ্যেই টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। হাওড়ার উলুবেড়িয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও পটাশপুরসহ কলকাতার বিভিন্ন নিচু এলাকায় জল জমে জনজীবন ব্যাহত। বৃষ্টি অব্যাহত থাকলে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *