সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর বড় জয়, ২০ আগস্টের আগেই স্বস্তির নিঃশ্বাস!
বার্তা ডেস্কঃ
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বড়সড় সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টে চলা এই সংক্রান্ত বিচারপ্রক্রিয়া এবং সিবিআই বা ইডি-র প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট জমা দেওয়ার ওপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। কর্ণাটকের বাসিন্দা এস বিঘ্নেশ শিশিরের আবেদনের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাহুল গান্ধীর সম্পত্তি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল, যার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল আগামী ২০ আগস্ট। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন (SLP) জানান। প্রবীণ আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সম্পূর্ণ একতরফাভাবে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ‘প্রাকৃতিক ন্যায়বিচার’ বা ‘ন্যাচারাল জাস্টিস’-এর নীতি স্মরণে করিয়ে দিয়ে হাইকোর্টের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, কোনও চূড়ান্ত নির্দেশ দেওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া আদালতের দায়িত্ব। পাশাপাশি, কোনও গুরুতর তথ্য বা প্রমাণ মিললে কেন্দ্রীয় সংস্থাগুলি আইন অনুযায়ী নিজেদের স্বাধীন ক্ষমতাবলেই পদক্ষেপ করতে পারে, তার জন্য বিশেষ নির্দেশের প্রয়োজন পড়ে না। বিচারপতির বেঞ্চের এই পর্যবেক্ষণের ফলে আপাতত হাইকোর্টের ২০ আগস্টের শুনানি এবং সিবিআই-ইডি-র তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তৎপরতা স্থগিত হয়ে গেল। একই সঙ্গে মামলাটি এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে স্থানান্তরের আবেদনও জানিয়ে রেখেছেন কংগ্রেস নেতা, যা এই রাজনৈতিক ও আইনি লড়াইয়ে এক নতুন মোড় এনে দিল।