হলদিয়ায় ৬০০০ কোটির বিনিয়োগ, শিল্প বিপ্লবের পথে নতুন মাইলফলক!
বার্তা ডেস্কঃ
বাংলায় শিল্প খাতের উন্নয়নে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হতে চলেছে। আগামী ১৪ অক্টোবর হলদিয়ায় উদ্বোধন হতে চলেছে দেশের সবচেয়ে বড় ফেনল উৎপাদন কেন্দ্র। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সহযোগী সংস্থা অ্যাডপ্লাস পলিমার্স অ্যান্ড কেমিক্যালসের অধীনে গড়ে ওঠা এই মেগা প্রকল্পে মোট ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ওলেফিন কনভার্সন টেকনোলজির ওপর ভিত্তি করে তৈরি এই প্ল্যান্টে বার্ষিক প্রায় ৩৪৫ হাজার টন ফেনল এবং ২১৫ হাজার টন অ্যাসিটোন উৎপাদিত হবে, যা দেশের রাসায়নিক শিল্পে আমদানিনির্ভরতা কমাবে।
এই পূর্ণাঙ্গ সমন্বিত কমপ্লেক্সটি চালু হলে প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস এবং ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ডাউনস্ট্রিম শিল্পের জন্য কাঁচামালের জোগান নিশ্চিত হবে। এর ফলে স্থানীয় স্তরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে যা রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। সম্প্রতি প্রকল্পটির নির্মাণকাজ পরিদর্শনের পর চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জি এবং সিইও নবনীত নারায়ণ নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন। আগামী ১৪ অক্টোবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।