দলত্যাগী সাংসদদের পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, সরাসরি স্পিকারের বিরুদ্ধে তোপ!

বার্তা ডেস্কঃ

তৃণমূলের টিকিটে জিতে অন্য দলে যোগ দেওয়া ২০ জন বিক্ষুব্ধ সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়ের মতো শীর্ষ নামগুলির দলবদল ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল তৈরি হয়েছে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী বারবার আবেদন জানানো সত্ত্বেও স্পিকার কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ। উল্টোদিকে, আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি না মিললেও লোকসভায় ওই বিক্ষুব্ধ সাংসদদের আসন বদলে দেওয়া হয়েছে, যা নিয়ে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন অভিষেক।

চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রাতরাশ বৈঠকে এই দলত্যাগী সাংসদদের উপস্থিতি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, জোড়াফুল প্রতীকে জয়ী হওয়া ওই সাংসদদের সদস্যপদ অবিলম্বে বাতিল করতে হবে। কিন্তু স্পিকারের নিষ্ক্রিয়তা এবং তরফ থেকে কোনো শুনানি বা বিজ্ঞপ্তি জারি না হওয়ায় শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ কামনা করতে বাধ্য হয়েছেন তৃণমূল নেতৃত্ব। চলতি সপ্তাহেই এই হাইভোল্টেজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *