স্ত্রীকে কারেন্টের শক দিয়ে নৃশংস হত্যা! জমি বিক্রিতে অনীহার জেরে স্বামীর চরম পৈশাচিকতা
বার্তা ডেস্কঃ
পৈতৃক সম্পত্তি বিক্রি করতে রাজি না হওয়ায় স্ত্রীকে অত্যন্ত নৃশংসভাবে ইলেকট্রিক শক দিয়ে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের রামপুরের এই ভয়াবহ ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মৃত মহিলার নাম নাসরিন (৩৩)। এই বর্বরোচিত ঘটনায় অভিযুক্ত স্বামী ইসরারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসরিনের ময়নাতদন্তের রিপোর্টে তাঁর শরীরে ও গোপনাঙ্গে মারাত্মক ইলেকট্রিক শকের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। রামপুরের অতিরিক্ত পুলিশ সুপার অনুরাগ সিং জানান, “পোস্টমর্টেম রিপোর্টে নাসরিনের শরীরের অন্তত ৬টি জায়গায় গুরুতর আঘাত ও কারেন্টের শকে পুড়ে যাওয়ার দাগ নিশ্চিত হয়েছে।”
পুলিশের জেরায় অভিযুক্ত ইসরার নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। পুলিশকে সে জানায়, প্রায় ১৩ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের ৪টি মেয়ে ও ১টি ছেলে রয়েছে। বেশ কিছুদিন ধরেই নাসরিনের বাপের বাড়ি থেকে পাওয়া জমি বিক্রি করা নিয়ে দম্পতির মধ্যে ঝামেলা চলছিল। নাসরিন জমি বিক্রি করতে রাজি হননি, কারণ তাঁর আশঙ্কা ছিল জমি বিক্রি করে দিলে তাঁদের ৫ সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে।
নাসরিনের পরিবারের অভিযোগ, জমি বিক্রির দাবিপূরণ না হওয়ায় দীর্ঘদিন ধরেই তাঁকে মারধর ও খুন করার হুমকি দিচ্ছিল ইসরার। নাসরিনের বোন হাসিন জাহান জানান, কিছুদিন আগেই নাসরিনের মুখে আঘাতের চিহ্ন দেখা গেলেও তিনি মুখ ফুটে কিছু বলেননি।
ঘটনার পর মৃত মহিলার কাকার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইসরার ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।