বন্দে মাতরমের বদলে ‘পুকার’-এর গান! উপমুখ্যমন্ত্রীর সামনেই চরম অস্বস্তিতে প্রশাসন
বার্তা ডেস্কঃ
বর্তমানে দেশজুড়ে দেশাত্মবোধক গান ও জাতীয় প্রতীক নিয়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। এরই মাঝে মহারাষ্ট্রের থানেতে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে ঘটল এক অনভিপ্রেত ঘটনা। রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, প্রবীণ সাহিত্যিক মধু মঙ্গেশ কারনিক ও মন্ত্রী প্রতাপ সারনাইকের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাতীয় গীত ‘বন্দে মাতরম’-এর মূল সংস্করণের বদলে হঠাৎই বেজে ওঠে একটি বলিউড সিনেমার জনপ্রিয় ট্র্যাক।
সোমবার সন্ধ্যায় থানের এই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী মঞ্চে ওঠার পর নিয়ম অনুযায়ী ‘বন্দে মাতরম’ পরিবেশনের ঘোষণা করা হয়। উপস্থিত সবাই সম্মানে নিজ নিজ আসন ছেড়ে উঠে দাঁড়ান। কিন্তু সাউন্ড সিস্টেমে জাতীয় গীতের রাষ্ট্রীয় বা প্রথাগত রূপের বদলে বেজে ওঠে ১৯৯০-এর দশকের অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘পুকার’ ছবির লতা মঙ্গেশকরের গাওয়া ‘বন্দে মাতরম’ গানটি।
বলিউড সংস্করণের গানটি প্রায় চার মিনিট ধরে চলায় পুরোটা সময় ধরে উপস্থিত সবাইকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। ঘটনার সময় উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অভিব্যক্তিতে অস্বস্তি স্পষ্ট ফুটে উঠলেও, পরিস্থিতি সামাল দিতে তিনি ও উপস্থিত অনেকেই গানটির সুরের সঙ্গে গলা মেলাতে বাধ্য হন।
গান শেষে উপমুখ্যমন্ত্রী নিজে এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চান। পাশাপাশি, দায়িত্বপ্রাপ্ত আয়োজকদের কড়া ভাষায় সতর্ক করে দেন যাতে ভবিষ্যতে কোনো সরকারি বা জাতীয় অনুষ্ঠানে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ না ঘটে। ইতিমধ্যেই এই মুহূর্তটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক চর্চা শুরু হয়েছে।