হরমুজ প্রণালীতে বড় বিপদের মুখে শান্তিচুক্তি!
বার্তা ডেস্কঃ
পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় হওয়া ইরান ও আমেরিকার মধ্যকার ৬০ দিনের বিতর্কিত শান্তিচুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। হরমুজ প্রণালীর জলপথ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে দুই দেশের দীর্ঘদিনের টানাপোড়েন এবং ১৪ দফা সমঝোতা স্মারকের শর্ত যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় এই চুক্তি বাস্তবে কোনো সুফল বয়ে আনেনি। উল্টো চুক্তির মেয়াদকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সামরিক উত্তেজনা এবং পারস্পরিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করে, যা আন্তর্জাতিক রাজনীতিতে গভীর আশঙ্কার সৃষ্টি করেছে।
চুক্তির মূল শর্ত অনুযায়ী মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধ এবং হরমুজ প্রণালী থেকে অবরোধ তোলার কথা থাকলেও জাহাজ চলাচলের নতুন মানচিত্র নির্ধারণ নিয়ে গুরুতর মতবিরোধ দেখা দেয়। ওমানের পথ দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে ইরানের আক্রমণ এবং আমেরিকার পাল্টা পদক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পাশাপাশি লেবাননে ইজরায়েলের ধারাবাহিক হামলা এবং দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে সম্পূর্ণ ভেস্তে যায় শান্তি প্রক্রিয়া। ফলে কোনো স্থায়ী সমাধান ছাড়াই আনুষ্ঠানিকভাবে শেষ হলো বহুল আলোচিত এই সমঝোতা।