খেলাধুলার পরিকাঠামোয় বড় মাষ্টারস্ট্রোক, ওড়িশা মডেল অনুসরণ করে ইতিহাস গড়ার পথে পশ্চিমবঙ্গ!

বার্তা ডেস্কঃ

ভারতীয় হকি দলকে স্পনসর করে ক্রীড়াজগতে দৃষ্টান্ত স্থাপন করেছিল ওড়িশা সরকার। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সেই সফল পথ অনুসরণ করে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের খেলাধুলার বিকাশ এবং পর্যটন শিল্পের প্রচারকে একসূত্রে বাঁধতে জাতীয় ও রাজ্য টেবিল টেনিস দলকে স্পনসর করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পর্যটন দফতর। মঙ্গলবার পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এই তথ্য নিশ্চিত করে জানান যে, এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো খেলার সার্বিক উন্নতির পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলার পর্যটনকে নতুনভাবে তুলে ধরা।

এই মেগা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে খুব শীঘ্রই ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র কাছে অফিসিয়াল প্রস্তাব পাঠানো হবে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাজ্য পর্যটন দফতর বাংলা দলকে পূর্ণাঙ্গভাবে স্পনসর করতে সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি সর্বভারতীয় টেবিল টেনিস সংস্থার নির্বাচন সম্পন্ন হওয়ার পর জাতীয় দলকেও এই চুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। রাজ্যে বর্তমানে একাধিক টেবিল টেনিস সংস্থা থাকলেও, সমস্ত বিভ্রান্তি দূর করে রাজ্য স্তরে একটি একক শক্তিশালী দল গঠন করা হবে, যার যাবতীয় দায়িত্ব সামলাবে পর্যটন দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *