নিম্নচাপের বিদায় ঘণ্টা, আজ থেকেই কি বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া?

বার্তা ডেস্কঃ

বাংলা থেকে ধীরে ধীরে শক্তি হারিয়ে সরে যাচ্ছে গভীর নিম্নচাপ। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে।

আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, নিম্নচাপ দূরে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আজ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে আকাশ মেঘলা থাকবে এবং ঝাড়খণ্ড, বিহার ও বাংলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। এদিকে পাঞ্জাব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এখনও উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়ার আপডেট

  • দক্ষিণবঙ্গ: আজ বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কেবল দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • উত্তরবঙ্গ: উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
  • কলকাতা: কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *