রবীন্দ্র ভারতীতে জাতীয় পতাকা উধাও, বেদিতে এবিভিপির ঝান্ডা ঘিরে তুঙ্গে বিতর্ক!

বার্তা ডেস্কঃ

কলকাতা, ১৯ আগস্ট: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বঙ্কিম সভাকক্ষে এবিভিপির আলোচনাসভা কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এখনও থিতিয়ে যায়নি। তার মাঝেই এবার জাতীয় পতাকার অবমাননার মতো এক চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে নতুন করে শোরগোল পড়ে গেল ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রকাশ্যে আসা একটি বিতর্কিত ভিডিওতে দেখা যাচ্ছে, বি টি রোড ক্যাম্পাসের রামানুজন ভবনের নিচে ‘সোনার তরী’র পাশে অবস্থিত জাতীয় পতাকা উত্তোলনের মূল বেদি থেকে জাতীয় পতাকা গায়েব। অথচ সেখানে থাকা ত্রিবর্ণরঞ্জিত স্তম্ভে উড়ছে অখিল ভারতীয় विद्यार्थी পরিষদের (এবিভিপি) দলীয় ঝান্ডা। ভিডিওটি সামনে আসতেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পড়ুয়াদের একাংশ জাতীয় পতাকার চরম অবমাননার অভিযোগে সরব হয়েছেন, যা নিয়ে জোর চড়ছে রাজনৈতিক পারদ।

এই গুরুতর ঘটনা প্রসঙ্গে এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, প্রকাশিত ভিডিওটি অনেক পুরনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাশে থাকা জাতীয় পতাকার অংশটি কেটে বাদ দিয়ে কুৎসা রটানো হচ্ছে। বামপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুটা ও এসএফআই সাংগঠনিক লড়াইয়ে পিছিয়ে পড়েই এই ধরনের ভিত্তিহীন মিথ্যাচার করছে বলে তিনি পাল্টা অভিযোগ তোলেন। কিন্তু বিরোধীদের দাবি, মঙ্গলবার দুপুরেও জাতীয় পতাকা ছাড়াই শুধুমাত্র দলীয় ঝান্ডাটি সেই বেদিতে উড়তে দেখা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *