পুজোর টিকিটের হাহাকার? কনফার্ম সিট পেতে কাজে লাগান এই সিক্রেট ট্রিক!
বার্তা ডেস্কঃ
উৎসবে বাড়ি ফেরা কিংবা উত্তরবঙ্গ ভ্রমণের স্বপ্নে জল ঢেলে দিয়েছে ট্রেনের টিকিটের সংকট। মহাষষ্ঠীর টিকিট বুকিং শুরু হতেই মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে সব কনফার্ম আসন শেষ হয়ে গেছে। রাত জেগে পিআরএস কাউন্টারে লাইন দিয়ে বা অনলাইনে চেষ্টা করেও সিংহভাগ যাত্রীর ভাগ্যে জুটেছে দীর্ঘ ওয়েটিং লিস্ট। কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে অনেকে বাধ্য হয়ে পুজোর সফর বাতিলের কথা ভাবছেন। ফলে দীর্ঘদিনের দাবি সত্ত্বেও ভোগান্তি না কমায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা দ্রুত বিকল্প ট্রেনের দাবি জানিয়েছেন।
তবে হতাশ না হয়ে একটু কৌশল খাটালেই মিলতে পারে কনফার্ম আসন। সরাসরি নিউ জলপাইগুড়ির টিকিট না পেলে ব্রেক জার্নির মাধ্যমেই সহজে গন্তব্যে পৌঁছানো সম্ভব। এর জন্য কুলিক বা রাধিকাপুর এক্সপ্রেসে চেপে প্রথমে বারসোই জংশনে যান। সেখান থেকে মহানন্দা, শতাব্দী, বন্দে ভারত বা ক্যাপিটাল এক্সপ্রেসের মতো প্রচুর কানেক্টিং ট্রেন পেয়ে যাবেন এনজিপি যাওয়ার জন্য। অতএব চিন্তার বদলে এই বিকল্প রুট ব্যবহার করে নিশ্চিন্তে কাটান পুজোর ছুটি।