অনুপমার বিস্ফোরক স্বীকারোক্তি! টক্সিক সম্পর্কের সেই যন্ত্রণার কথা জানেন?
বার্তা ডেস্কঃ
দক্ষিণী বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন সম্প্রতি তাঁর একটি বিষাক্ত বা ‘টক্সিক’ প্রেমের সম্পর্ক নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে বিচ্ছেদের পর নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন যে, ওই সম্পর্কে থাকাকালীন একজন নারী হিসেবে এমনকি নিজের ঋতুচক্র বা পিরিয়ডস নিয়েও তাঁকে চরম মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছে। অনুপমার অভিযোগ, সম্পর্কের যেকোনো সমস্যা নিয়ে কথা বলতে গেলেই তাঁর সঙ্গী বিষয়টিকে পিরিয়ডসের সাথে জুড়ে দিয়ে খোঁচা দিতেন। এই ধারাবাহিক মানসিক নির্যাতনের ফলে একসময় নিজের কাজ, অর্জন এবং নারীসত্তা নিয়েই লজ্জিত বোধ করতে শুরু করেছিলেন এই তারকা অভিনেত্রী, যা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
সম্পর্ক শুরু হতেই বিয়ের জন্য অতিরিক্ত চাপ দেওয়া এবং বিচ্ছেদের পর ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল অনুপমাকে। সম্পর্কের সেই তিক্ততা কাটিয়ে উঠে তিনি জানান, যেখানে একসময় তিনি অনেক সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন, এখন সেখানে আর সন্তানই চান না। গত বছর মারি সেলভরাজের ‘বাইসন কালামাদান’ সিনেমায় ধ্রুব বিক্রমের সঙ্গে অভিনয় করার পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হলেও, পর্দার পিছনের অভিজ্ঞতা যে কতটা পীড়াদায়ক ছিল তা সম্প্রতি দু’টি সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন তিনি। চরম মানসিক নির্যাতন ও টানাপোড়েনের সেই বিষাক্ত সম্পর্ক থেকে অবশেষে বেরিয়ে এসে বর্তমানে তিনি মুক্তির স্বস্তি পাচ্ছেন বলে স্পষ্ট জানিয়েছেন।