কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, আজই সাবধান!
বার্তা ডেস্কঃ
মৌসুমি অক্ষরেখার প্রবল সক্রিয়তায় রাজ্যজুড়ে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং সহ বাকি জেলাগুলোতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সরাসরি ভারী বৃষ্টি না হলেও কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর ও দুই বর্ধমান সহ প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
রাজধানী কলকাতা ও তার সংলগ্ন এলাকায় দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে এবং দুপুর বা বিকেলের দিকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার কারণে বৃষ্টি না হলে চরম ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে। নাগাড়ে ভারী বর্ষণ না হলেও এই সাময়িক ঝড়বৃষ্টির কারণে তিলোত্তমার স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হতে পারে। নিম্নচাপ সরলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় মৌসুমী বায়ুর এই উপস্থিতির ফলে রাজ্যজুড়ে আরও কিছুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।