২৩ জেলায় আবহাওয়ার চরম রদবদল, বৃষ্টি কমবে কি রবিবারই?
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ থেকে দূরত্ব বাড়িয়ে নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং আগামী দিনগুলিতে শহরতলিতে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতায় হলুদ সংকেত জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ উপকূলে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে স্বস্তি মিললেও উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে, সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বিশেষ করে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে নাগাড়ে বৃষ্টি বজায় থাকবে। আংশিক মেঘলা আকাশের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।