বার কাউন্সিল দখলে তৃণমূলের বিশাল জয়!
বার্তা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের ধাক্কা ও একাধিক আইনি জটিলতার আবহেই স্বস্তির বার্তা পেল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনে বিপুল সাফল্য অর্জন করেছে মমতাপন্থী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মোট ২৩টি নির্বাচিত আসনের মধ্যে ১৫টিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা।রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি মাত্র ৩টি আসন পেয়ে জোর ধাক্কা খেয়েছে।পাশাপাশি বামফ্রন্ট ৩টি এবং কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছে।বিশেষ করে মহিলাদের জন্য সংরক্ষিত ৫টি আসনের মধ্যে ৪টিতেই জয় হাসিল করে ঘাসফুল শিবির নিজেদের আধিপত্য স্পষ্ট করে দিয়েছে।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে সবুজ আবীর খেলা ও বিজয় মিছিল।তৃণমূলের আইনজীবী সেলের নেতা সুভাষিস চক্রবর্তী রেকর্ড ভোটে জয়ী হয়ে শীর্ষে রয়েছেন। এছাড়া বৈশ্বানর চট্টোপাধ্যায়, অশোক দেব এবং সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির প্রার্থীরাও সহজে জয় নিশ্চিত করেছেন। এই জয়ের ফলে আইনজীবী মহলেও যে মমতার প্রভাব এখনও অত্যন্ত সুদৃঢ়, তা আবারও স্পষ্ট হয়ে উঠল।শীঘ্রই বার কাউন্সিলে নতুন বোর্ড গঠনের কাজ শুরু হতে চলেছে।