মুসলিম কলোনি বলে জল বন্ধ? জ্যোতিনগর নিয়ে MLA-র বিস্ফোরক দাবিতে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
কলকাতার কাশীপুরের জ্যোতিনগর কলোনিতে গত জুলাই মাসের শেষ থেকে বন্ধ পানীয় জল সরবরাহ। প্রায় ৮০০ অধিবাসীর এই কলোনির বাসিন্দাদের অভিযোগ, অধিকাংশ মানুষ মুসলিম হওয়ার কারণেই স্থানীয় ৫টি কল দিয়ে জল দেওয়া বন্ধ রাখা হয়েছে। বোরো অফিস ও থানায় জানিয়েও সুরাহা মিলেনি। গঙ্গার জলে স্নান করায় ছড়াচ্ছে চর্মরোগ, আর নিত্য ব্যবহার্য জল আনতেই কলোনিবাসীদের যেতে হচ্ছে বহু দূরে। এ নিয়ে পুরসভা জানিয়েছে, জলের লাইন কাটার অভিযোগ ভিত্তিহীন, রাস্তার ২টি কলের ফেরুল সংক্রান্ত সমস্যার কারণে জল পড়ছে না এবং বিষয়টি দ্রুত দেখা হচ্ছে। এ দিকে দু’দিন অন্তর গণসংগঠনের পক্ষ থেকে সাময়িক জল সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
তবে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় এলাকার বিধায়ক রীতেশ তিওয়ারির এক বিস্ফোরক মন্তব্যে। তিনি দাবি করেন, এই কলোনির বাসিন্দারা অবৈধ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী, যাঁরা ভুয়ো কাগজপত্র বানিয়ে বসবাস করছেন। বিধায়কের বক্তব্য অনুযায়ী, পোর্ট ট্রাস্টের জমিতে বেআইনিভাবে থাকা ওই এলাকা খালি করার আইনি রায় আদালতের পক্ষেই রয়েছে এবং পোর্ট কর্তৃপক্ষ এ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলছে। অন্যদিকে, এসআইআর-এর পর প্রায় ১২০ জনের নাম কাটা পড়া ও ট্রাইব্যুনালে বিচারাধীন থাকার কারণেও পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন অনেকে। পানীয় জলের মতো মৌলিক পরিষেবা বন্ধের সাথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ যুক্ত হওয়ায় প্রশাসনিক মহলে তৈরি হয়েছে জোর রাজনৈতিক উত্তাপ।